কর্মজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মজুরি বাড়িয়ে সর্বনিম্ন বেতন ২ হাজার রিঙ্গিত (যা বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার ২০০ টাকা) করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ২০২৭ সালের জুন মাস থেকে নতুন এই বেতন কার্যকর করা হবে।
শুক্রবার (৯ অক্টোবর) তিনি এই ঘোষণা দেন।
বর্তমানে মালয়েশিয়ায় মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫১ হাজার টাকা। নতুন মজুরি ঘোষণায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যোগ্য বিদেশি শ্রমিকেরাও এর সুবিধা পাবেন।
মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির বলেন, মজুরি বাড়ানোর ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) ওপর সম্ভাব্য প্রভাবও বিবেচনায় নেওয়া হচ্ছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং ক্ষুদ্র ব্যবসা ও এমএসএমই খাতের টিকে থাকার মধ্যে ভারসাম্য রেখে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ন্যূনতম মজুরি বাড়ানোর ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তখন তিনি বলেছিলেন, কোনো কোম্পানি বিপুল মুনাফা করবে, অথচ শ্রমিকেরা ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতন পাবেন—এটি টেকসই নয়। উৎপাদনশীলতা ও কোম্পানির আয় বাড়লে শ্রমিকদেরও বেশি মজুরির মাধ্যমে সেই সুফল পাওয়া উচিত।
ধাপে ধাপে বেড়েছে ন্যূনতম মজুরি
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ব্যবস্থা চালু হয় ২০১৩ সালে। তখন মাসিক ন্যূনতম মজুরি ছিল ৯০০ রিঙ্গিত। এরপর ২০১৬ সালে তা বেড়ে ১ হাজার রিঙ্গিত হয়। ২০১৯ সালে হয় ১ হাজার ১০০ রিঙ্গিত এবং ২০২০ সালে ১ হাজার ২০০ রিঙ্গিত।
২০২২ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১ হাজার ৫০০ রিঙ্গিত করা হয়। সর্বশেষ ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭০০ রিঙ্গিত। অর্থাৎ ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে ন্যূনতম মজুরি বেড়েছে প্রায় ৮৮ দশমিক ৯ শতাংশ।
বর্তমান ন্যূনতম মজুরির হার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট শ্রেণির নিয়োগকর্তার ক্ষেত্রে কার্যকর হয়। পরে ১ আগস্ট থেকে কর্মীর সংখ্যা নির্বিশেষে দেশজুড়ে তা কার্যকর করা হয়। তবে গৃহকর্মীরা এই মজুরি কাঠামোর আওতাভুক্ত নন।
ন্যূনতম মজুরির সুবিধা পাবেন বিদেশি শ্রমিকেরাও
বর্তমান নিয়মে বিদেশি শ্রমিকদেরও অন্তত ১ হাজার ৭০০ রিঙ্গিত মৌলিক বেতন পাওয়ার অধিকার রয়েছে। ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করায় যোগ্য বিদেশি শ্রমিকদের মৌলিক বেতনও সেই অনুযায়ী বাড়বে।
শ্রমিক ইউনিয়নের দাবি ৩ হাজার ১০০ রিঙ্গিত
মালয়েশিয়ায় আগে থেকেই ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার আলোচনা চলে। মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি) মজুরি ৩ হাজার ১০০ রিঙ্গিত করার দাবি জানিয়ে আসছে। যা বর্তমান মজুরির তুলনায় এই হার ৮২ শতাংশেরও বেশি।
দুই বছর পরপর মজুরি পর্যালোচনার বিধান
মালয়েশিয়ার আইনে অন্তত দুই বছর পরপর ন্যূনতম মজুরি পর্যালোচনার বিধান রয়েছে। এ ক্ষেত্রে জাতীয় মজুরি পরামর্শ কাউন্সিলকে ন্যূনতম মজুরির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করতে হয়।
২০২৭ সালের বাজেটের প্রাক্-বাজেট বিবৃতিতেও সরকারের ‘ডিসেন্ট ওয়েজ এজেন্ডা’ বা মর্যাদাপূর্ণ মজুরি কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশে বর্তমানে ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত। একই সঙ্গে সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি ও সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো ৩ হাজার ১০০ রিঙ্গিতকে জীবনযাপনের উপযোগী মজুরির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।