ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি সংগৃহীত
রাজশাহীতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে চীনের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে একটি ডেন্টাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলা ভবনের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি
শনিবার (১ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
ভূমিমন্ত্রী বলেন, আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে রাজশাহীতে আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষায়িত চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসক হিসেবে পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করাও সমান গুরুত্বপূর্ণ। রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও আন্তরিক সেবার মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তিনি নবীন চিকিৎসকদের শপথের আদর্শকে ধারণ করে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মো. ফয়সাল আলম এবং উপাধ্যক্ষ অধ্যাপক মো. জহিরুল হক।
অনুষ্ঠানে এমবিবিএস ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন। পরে তাদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও রোগীসেবার বিভিন্ন দিক নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।