রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে পারে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা না গেলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন সংকট দেখা দেয়। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি কৌশল নিয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। এর ফলে বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

বর্তমান সংকটের কারণ তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে এলএনজির কার্গো খালাস করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে।

তিনি বলেন, এক্সিলারেটের টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রায় ৭২ ঘণ্টা সেটি বন্ধ রাখতে হবে। এ কারণে কখন টার্মিনালটি বন্ধ রাখা হলে জনদুর্ভোগ তুলনামূলক কম হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে বুধবার দুপুরে এক্সিলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের ভোগান্তি চরমে—এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এ পরিস্থিতির জন্য তিনি জনগণের কাছে বারবার দুঃখ প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ক্ষেত্রে অনেক সময় সরকারের কিছু করার থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এলএনজি খালাস করা সম্ভব হবে এবং গ্যাস সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

মালয়েশিয়া থেকে এলএনজি আনার চেষ্টা

গ্যাস সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে এবং একটি সরকারি দলও সেখানে গেছে। দেশটির দেওয়া প্রস্তাব নিয়ে কাজ চলছে।

মালয়েশিয়া থেকে অন্তত একটি কার্গো এলএনজি পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, এটি সংকট মোকাবিলায় একটি মধ্যমেয়াদি সমাধান হতে পারে। একই সঙ্গে হাতে থাকা সব বিকল্প নিয়েই সরকার কাজ করছে।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও জানান প্রতিমন্ত্রী। তবে জনদুর্ভোগ বিবেচনায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

এলএনজি সরবরাহের বিষয়ে ইউএস-বাংলাদেশ চেম্বারের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

‘আগের সরকারগুলো দীর্ঘমেয়াদি সমাধান খোঁজেনি’

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য আগের সরকারগুলোর নীতির সমালোচনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত সরকারগুলো মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের পরিবর্তে তাৎক্ষণিক সমাধানের দিকে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে কোনো একসময় এ ধরনের সংকট তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গ্রীষ্মকালেই এবার সেই সংকটের মুখোমুখি হতে হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের চেষ্টায় কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬