চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নে পেশাগত দক্ষতার পাশাপাশি সেবার মানসিকতা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসকদের পেশাদারিত্বে কোনো ধরনের প্রভাব না ফেলে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধে জোর
স্বাস্থ্যনীতির ক্ষেত্রে রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’। শুরু থেকেই মানুষকে রোগের কারণ, প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগের প্রকোপ কমিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, চিকিৎসাব্যবস্থাকে শুধু রোগ হওয়ার পর চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষকে রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনের বিষয়েও সচেতন করতে হবে।
এ প্রসঙ্গে মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস এডিসনের একটি বক্তব্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের চিকিৎসকের কাজ শুধু রোগীকে ওষুধ দেওয়া নয়; রোগীর শরীরের যত্ন, খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে তাকে সচেতন করাও চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হবে—এমন ধারণা এডিসনের বক্তব্যে পাওয়া যায়।
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ
তারেক রহমান বলেন, রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতার বিষয়ে সচেতন করবেন।
স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
পেশাদারিত্বে রাজনীতি যেন বাধা না হয়
চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাদের পেশাদারিত্বে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। রোগীর প্রতি দায়বদ্ধতা, মানবিকতা ও পেশাগত নৈতিকতাকে চিকিৎসাসেবার কেন্দ্রে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় জ্বালানি খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
এর আগে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
জাতীয় সংগীতের পর দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু হয়। চিকিৎসক সমাবেশ শুরুর আগে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।