কুষ্টিয়ার ভেড়ামারায় শোক দিবস উপলক্ষে খিচুড়ি রান্নার সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
শনিবার (১৫আগষ্ট) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে শোক দিবসে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার সময় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল রানা পবন স্থানীয় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
পুলিশ জানায়, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।
১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
স্থানীয় কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন,
১৫ আগষ্ট ফ্যাসিস্টের কোন নিষেধ। এরা সংঘটিত হওয়ার জন্য চেয়ারম্যান তার ছাত্রলীগ-যুবলীগের ছেলেপেলে জড়ো করে ১৫ আগষ্ট রাতে কালো বাতি জ্বালাবেন এই ধরনের তাদের একটা পরিকল্পনা ছিল।
তিনি আরও বলেন, খেলা উপলক্ষে আমরা পিকনিক করছি এই বলে তাদের সংগঠিত করেছ। খিচুড়ি রান্না হচ্ছিল অন্য সাইডে। এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ১৫ আগষ্টকে কেন্দ্র করে তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম করার জন্য তারা সংঘটিত হয়েছিল। তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কোর্টে পাঠিয়ে দেয়া হয়েছে।