রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবযাত্রা শুরু

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবযাত্রা শুরু
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির জেলা শাখার নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু হলো।

এ উপলক্ষে গত সোমবার (১০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জামে মসজিদ রোডের গ্র্যান্ড এ. মালেক চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক মো. মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল।

সভায় বক্তব্য দেন শিক্ষক মো. মনির হোসেন, স্বাস্থ্যকর্মী মো. মনিরুল ইসলাম, শিক্ষক মো. আজিজুর রহমান, সাংবাদিক মোজাম্মেল চৌধুরী, ব্যবসায়ী মো. কামাল উদ্দিন, সাংবাদিক মফিজুর রহমান লিমন, শাহাদাৎ হোসেন, মো. আবুল হাসনাত অপু, আবু নাছের রতন, আশেক মান্নান হিমেল, মাজহারুল আহমদ চৌধুরী মঞ্জু, আবু সোহেল সরকার, আবদুল্লাহ আল নাঈম, খাইরুল কবির, প্রকৌশলী খলিলুর রহমান, অ্যাডভোকেট আনিছুর রহমান, ব্যবসায়ী শাহীন আহমেদ, নিশাদুল ইসলাম, সমাজকর্মী কোহিনুর আক্তার, শাহ মাহমুদা আক্তার সখি, শামীমা বাছির স্মৃতি, উম্মে সালমা হেপি, জেসমিন আক্তার, ফেরদৌসি আক্তার, ব্যবসায়ী মো. আলম রানা, শামছুর রহমান সজীব ও মো. সবুজ মিয়াসহ অনেকে।

আলোচনায় বক্তারা অভিযোগ করেন, আগের কমিটি নোঙরের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ অনুসরণ না করে একটি রাজনৈতিক দলের নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিল। তাঁরা এ ধরনের রাজনৈতিক সম্পৃক্ততার সমালোচনা করে বলেন, নতুন কমিটি সংগঠনের অরাজনৈতিক চরিত্র বজায় রেখে সব ধরনের চাপ উপেক্ষা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

বক্তারা বলেন, পলি জমে তিতাস ও মেঘনা নদীর নাব্যতা কমে গেছে। নদী দুটি যথাযথভাবে খননের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাউন খালও সম্পূর্ণ খনন করা প্রয়োজন। একই সঙ্গে খালের ওপর নির্মিত ফোর লেনের পিলারগুলো অপসারণ করে পানিপ্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।

এ ছাড়া জেলা সদরসহ বিভিন্ন এলাকায় ব্যক্তি মালিকানার নামে ভরাট করে ফেলা পুকুরগুলো উদ্ধার এবং আবর্জনায় ভরে থাকা পুকুর ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সরকার, জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। নদী-খাল ও জলাশয়ে পলিথিনসহ আবর্জনা ফেলে ভরাট এবং পানি দূষণ থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান বক্তারা।

সভায় শিক্ষক মো. মনির হোসেনকে সভাপতি, সাংবাদিক মো. নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লালকে সাধারণ সম্পাদক, মোজাম্মেল চৌধুরীকে সহসাধারণ সম্পাদক, ব্যবসায়ী মো. কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আশেক মান্নান হিমেলকে কোষাধ্যক্ষ এবং সাংবাদিক মো. আবুল হাসনাত অপুকে দপ্তর সম্পাদক করে ৫৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ৭০ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নোঙর বাংলাদেশের প্রতিষ্ঠাতা সুমন শামস এক মোবাইল বার্তায় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নদীমাতৃক বাংলাদেশের প্রাণের স্পন্দন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। তিতাস, মেঘনা, খাল-বিল ও জলাভূমির সঙ্গে এ জেলার মানুষের জীবন-জীবিকা ও প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাঁর মতে, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবযাত্রা শুধু একটি কমিটি গঠন নয়; এটি নদী, জলাশয় ও প্রাণ-প্রকৃতি রক্ষার একটি অঙ্গীকার।

তিনি বলেন, একসময় খরস্রোতা তিতাস নদী এখন অনেক স্থানে নালায় পরিণত হয়েছে। নদীর তীর দখল, অবৈধ বালু উত্তোলন এবং শিল্পবর্জ্যসহ নানা দূষণে খাল-বিল ও জলাশয় হুমকির মুখে পড়েছে। এর ফলে জলাবদ্ধতা বাড়ার পাশাপাশি মাছ, কৃষি ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার হাওর-বাঁওড়ের জীববৈচিত্র্যও ঝুঁকির মধ্যে পড়েছে।

সুমন শামস বলেন, শুধু প্রতিবাদ করলেই হবে না; নদী দখলকারীদের তালিকা করে প্রশাসনের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজ ও ইউনিয়ন পর্যায়ে ‘নদী বাঁচাও’ কর্মসূচি চালু করার পাশাপাশি নদী-খালকে আবর্জনার ভাগাড়ে পরিণত না করার বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নদী পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতিবাদী শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নতুন জেলা কমিটি নদী ও প্রকৃতি সংরক্ষণে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

সুমন শামস নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নবযাত্রায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির উদ্যোগে তিতাসসহ ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় কার্যকর ভূমিকা তৈরি হবে।

তিনি বলেন, ‘নদী বাঁচলে ব্রাহ্মণবাড়িয়া বাঁচবে, বাংলাদেশ বাঁচবে।’
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬