ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী ব্যাংকের উদ্যোগে সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়ায় অবস্থিত রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে রোড শোটি বের হয়। এতে নেতৃত্ব দেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম।
রোড শো শেষে কাজী ওয়াহিদুল ইসলাম বলেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে কিউআর কোডভিত্তিক লেনদেন একটি যুগান্তকারী পদক্ষেপ। এ পদ্ধতি ব্যাপকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে নগদ অর্থ ব্যবস্থাপনা বাবদ সরকারের বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। সাশ্রয় হওয়া এ অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা সম্ভব হবে।
রোড শো চলাকালে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ক্যাশলেস লেনদেন পদ্ধতির ব্যবহারিক দিক তুলে ধরা হয়। কিউআর কোডের মাধ্যমে কীভাবে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করা যায়, তা হাতে-কলমে দেখানো হয়।
এ সময় রূপালী ব্যাংকের কালাইশ্রীপাড়ার করপোরেট শাখার ব্যবস্থাপক মোজাফফর হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।