কুষ্টিয়ার মিরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ সময় মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশের মানুষের ঐক্য অটুট রাখতে হবে। অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি হলে অতীতে দেশকে শোষণকারী মাফিয়াতন্ত্র আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমরা এমন একটি সময় অর্জন করেছি, যখন শিশু-কিশোরদের সঙ্গে স্বাধীনভাবে বসে কথা বলা যাচ্ছে। এই সময় যেন বাংলাদেশের ইতিহাস থেকে আর কখনো মুছে না যায়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে বিভেদ তৈরি হলে দীর্ঘদিন ধরে দেশকে শোষণকারী মাফিয়াতন্ত্র আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা তা কোনোভাবেই হতে দিতে চাই না। সরকার দেশের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এজন্য জনগণকে নিজেদের প্রয়োজন ও দাবিগুলো যথাযথভাবে তুলে ধরতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির সম্মাননা তুলে দেন অতিথিরা।