বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ অংশ নেবেন হালিমা ইয়াসমিন মুক্তা। তিনি বর্তমানে লিথুয়ানিয়ার কাউনাস শহরে অবস্থিত সরকারি বিশ্ববিদ্যালয় লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিভাগে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন করছেন।
গত ফেব্রুয়ারিতে বিশ্বের ১৯১টি দেশের যুব প্রতিনিধিদের কাছ থেকে আবেদন আহ্বান করে ফেস্টিভ্যালের আয়োজক রাশিয়ার কেন্দ্রীয় যুববিষয়ক সংস্থা ‘রসমোলোদিওঝ’ এবং ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ায় সফল হয়ে ‘ফুল ফান্ডেড পার্টিসিপ্যান্ট’ হিসেবে নির্বাচিত হন মুক্তা।
সৃজনশীল শিল্প, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, খেলাধুলা, উদ্যোক্তা, মিডিয়া, ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তি (আইটি) এবং সামাজিক খাত—এই বিভিন্ন ক্যাটেগরিতে আবেদন গ্রহণ করে আয়োজক কর্তৃপক্ষ। এর মধ্যে ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া, ডিজিটালাইজেশন ও আইটি’ ক্যাটেগরিতে আবেদন করে নির্বাচিত হয়েছেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক সম্পন্ন করার পর পর্যটন খাতে ক্যারিয়ার শুরু করেন তিনি। ট্যুরিজম ও হসপিটালিটি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে লিথুয়ানিয়ায় যান। বর্তমানে দেশটির লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে মাস্টার্স করছেন। তার বাবা দেলোয়ার হোসেন পেশায় ব্যবসায়ী এবং মা রাজিয়া সুলতানা গৃহিণী।
ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হালিমা ইয়াসমিন মুক্তা বলেন, এত বড় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরতে পারব। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সত্যিই গর্বের।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজনে মোট ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে পাঁচ হাজার প্রতিনিধি রাশিয়ার বাইরে বিশ্বের ১৯১টি দেশ থেকে আমন্ত্রিত হবেন।
ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের প্রেস টিম জানিয়েছে, বাংলাদেশ থেকে এবার মোট ৯০ জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তবে বাছাই প্রক্রিয়া এখনও চলমান থাকায় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কতজন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, সে তথ্য জানাতে পারেনি সংস্থাটি।