রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

মধ্যস্থতা (মেডিয়েশন) ব্যবস্থার কার্যকর প্রয়োগের মাধ্যমে দেশের আদালতে বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলার জট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতা এবং দেওয়ানি মামলা পরিচালনা পদ্ধতির উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘বেসিক মেডিয়েশন ট্রেনিং ফর লিগ্যাল প্রফেশনালস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির এমন একটি কার্যকর পদ্ধতি, যা বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও মানসিক ভোগান্তি কমিয়ে দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। সরকারের অগ্রাধিকার হলো দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সে লক্ষ্যেই কাজ চলছে।

তিনি বলেন, মধ্যস্থতাকারীদের কেবল আইনগত জ্ঞান থাকলেই হবে না; মানবিকতা, ধৈর্য, প্রজ্ঞা ও আস্থাভিত্তিক সমাধান তৈরির সক্ষমতাও থাকতে হবে। এ সময় তিনি অংশগ্রহণকারীদের জাপানের Justice with a Smile বইটি পড়ার আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মানুষের সময়, অর্থ ও শ্রমের অপচয় হয়। পাশাপাশি মানসিক চাপও বাড়ে। তাই হত্যা ও অন্যান্য গুরুতর আমলযোগ্য অপরাধ ছাড়া অধিকাংশ বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় সর্বোত্তম কর্মদক্ষতা প্রদর্শনকারী একজন নারী ও একজন পুরুষ মধ্যস্থতাকারীকে উন্নত প্রশিক্ষণের জন্য জাপানে পাঠানো হবে।

অনুষ্ঠানে জাপান সরকার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আইনমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও জাইকার যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খাদেমউল কায়েস। এতে বক্তব্য দেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি জুনকো তাকাহাশি, জাপানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপমহাপরিচালক কাজুনোরি নোসে এবং আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলার জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা জজ আদালতে কর্মরত আইনজীবীসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬