অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১,১১৪ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, গত একদিনের চার মৃত্যুই ঢাকা বিভাগে। এর মধ্যে তিনজন হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে মারা গেছেন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। বাকি ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২১ হাজার ৬২৩ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে, যা উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর প্রায় ১১ শতাংশ।
হাসপাতালগুলোয় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যা ভর্তি রোগীর প্রায় ৯৭ শতাংশ।