রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর ও অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে এবং তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে তাঁকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষ জরাজীর্ণ। ছাউনির টিন ফুটো থাকায় বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে। দরজা-জানালার অভাবে সন্ধ্যার পর শ্রেণিকক্ষে মাদকসেবীদের আড্ডা বসে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও অভিযোগ তাদের।

শিক্ষার্থীদের দাবি, এসব সমস্যার প্রতিবাদ করায় গত সোমবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণির সাজেদুল ইসলামকে প্রধান শিক্ষক হাবিবুর রহমান মারধর করেন। একই ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন ও আব্দুল্লাহকেও মারধর করা হয়। এতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, প্রধান শিক্ষক প্রায়ই তাঁদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলতেন এবং কারণ ছাড়াই শারীরিক শাস্তি দিতেন। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তাঁকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করা হয় এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, প্রধান শিক্ষক মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মারধর করতেন। তাঁর আচরণে বিরক্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে চলে গেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকদের চেষ্টা সফল হয়নি।

স্থানীয় বাসিন্দাদের একটি অংশের অভিযোগ, বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার সময় অবরুদ্ধ থাকায় এ বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬