অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
নওগাঁর মান্দায় ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আব্দুল জলিল (৫০) বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর স্ত্রী মিরজান বিবি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল জলিল দীর্ঘদিন ধরে দেলুয়াবাড়ি বাজারে বাইসাইকেল মেরামত ও পেট্রোল বিক্রির ব্যবসা করে আসছেন। ব্যবসা পরিচালনার জন্য চককানু গ্রামের সোহেল রানা, আল আমিন ও রুবেল হোসেনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দিলে তাঁকে দেলুয়াবাড়ি বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোহেল রানা, আল আমিন ও রুবেল হোসেনসহ কয়েকজন আব্দুল জলিলের দোকানে গিয়ে পুনরায় ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দেওয়া নিয়ে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দোকানে থাকা হাতুড়ি ও লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
আব্দুল জলিলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আল আমিন তাঁর বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।