নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫৭ গ্রাম গাঁজা ফেলে পালিয়ে গেছে মাদক মামলার এক আসামি।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর উত্তর ঋষিপাড়ায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ওই এলাকার শচীন্দ্র ঋষির ছেলে জিতেন চন্দ্র ঋষিকে গ্রেপ্তারের জন্য মান্দা থানার এসআই তরিকুল ইসলাম, এএসআই আসাদুজ্জামান ও কনস্টেবল জিয়াউর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতেন চন্দ্র ঋষি কৌশলে পালিয়ে যাওয়ার সময় ১৫৭ গ্রাম গাঁজা ফেলে যান। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতেন চন্দ্র ঋষি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৫৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মান্দা থানা পুলিশ এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।