রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ফ্যামিলি কার্ডের শুমারিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও

কুমারখালীতে পুলিশের সঙ্গে ছাত্রদল-ছাত্রজনতার ধস্তাধস্তি, ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের আলটিমেটাম
ফ্যামিলি কার্ডের শুমারিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের বিরুদ্ধে। অভিযোগের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন উপজেলা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার একাংশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণ এবং ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বাতিলের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে কয়েক শ নেতা-কর্মী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। পরে তাঁরা ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় কার্যালয়ের প্রবেশপথে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

দুপুর ১২টা ১১ মিনিটের দিকে আন্দোলনকারীরা ইউএনও কার্যালয়ের কেচিগেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। প্রায় সাত মিনিট ধরে এ পরিস্থিতি চলে। পরে আন্দোলনকারীরা কার্যালয়ের বাইরে অবস্থান নেন।

কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান ও সদস্যসচিব আবু কাউসার অপুর নেতৃত্বে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি সাজেদা পারভিন, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহাসহ কয়েক শ নেতা-কর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের শুমারিতে আওয়ামী লীগের ‘দোসরদের’ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসব নিয়োগ বাতিলের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহা বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ পেয়েছেন। এ কারণে তাঁরা ইউএনওকে আর কুমারখালীতে দেখতে চান না।

কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন ইউএনওকে দ্রুত কুমারখালী ছাড়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে অবরুদ্ধ অবস্থায় দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশে ইউএনও ফারজানা আখতার বলেন, কোনো অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা জমা দিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

পরে আন্দোলনকারীরা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন। কর্মসূচি শেষে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু কাউসার অপু সাংবাদিকদের বলেন, ফ্যামিলি কার্ড শুমারিতে আওয়ামী লীগ ও জামায়াতের প্রায় ৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি শুমারির ফলাফল বাতিল এবং ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও ফারজানা আখতারকে অপসারণ বা স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানান। দাবি পূরণ না হলে পরদিন সকাল ১০টা থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

তবে আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও ফারজানা আখতার। তিনি বলেন, আন্দোলনকারীদের তথ্য-প্রমাণসহ অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় তিনি কুমারখালী গিয়েছিলেন। তবে আন্দোলনকারীদের সঙ্গে তাঁর দেখা হয়নি। ইউএনওকে অপসারণের বিষয়ে কেউ তাঁর কাছে কিছু বলেননি। ফ্যামিলি কার্ডের বিষয়টি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা সমাধানে ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬