শনিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আল্লামা সাঈদীর মামলার অভিযোগকারী মানিক পশারীর দাফন নিয়ে জটিলতা

আল্লামা সাঈদীর মামলার অভিযোগকারী মানিক পশারীর দাফন নিয়ে জটিলতা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন নিয়ে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবশেষে তাঁর দাফনের প্রস্তুতি নিচ্ছে পরিবার। কবর খোঁড়ার কাজও চলছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগকারী ছিলেন মানিক পশারী।

মানিক পশারীর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি সেখানে অবস্থান করছিলেন।

পরিবারের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর মানিক পশারী টুঙ্গিপাড়ায় তাঁর মেয়ের জামাইয়ের কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

মৃত্যুর পর শনিবার দুপুরে তাঁর মরদেহ পিরোজপুরে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার জন্য মরদেহটি সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। পরে গার্ড অব অনার দেওয়া ও মরদেহ দাফন নিয়ে বাধার সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিস্থিতি বিবেচনায় পুলিশি পাহারায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পিরোজপুর পুলিশ লাইনে নেওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে সাংবাদিকসহ অন্যদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তবে কখন এবং কোথায় তাঁকে এ সম্মান দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পরিবারের অভিযোগ, মরদেহ দাফনের বিষয়ে প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তাঁরা উদ্বেগে রয়েছেন। মানিক পশারীর মেয়ের জামাই ফারুক হোসেন জানান, দুপুর ১২টার দিকে তাঁরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান। তখন গার্ড অব অনারের কথা বলে তাঁদের বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়।

ফারুক হোসেনের অভিযোগ, দীর্ঘ সময় সাধারণ অ্যাম্বুলেন্সে মরদেহ রাখার পর গোপনে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে পরিবার অনিশ্চয়তায় পড়ে।

স্থানীয় সূত্রের দাবি, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর নিজ বাড়িতে দাফনের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় কিছু নেতাকর্মী ও সমর্থক আবারও জড়ো হয়ে বাধা দেন। পুলিশ লাইন থেকে শংকরপাশা যাওয়ার বিভিন্ন পথেও লোকজনের জড়ো হওয়ার খবর পাওয়া যায়।

দিনভর অনিশ্চয়তার পর অবশেষে দাফনের প্রস্তুতি নিচ্ছে পরিবার। মানিক পশারীর বোন মোছাম্মৎ রিনা আক্তার বলেন, ‘আমার ভাই মারা গেছেন। প্রথমে আমরা তাঁকে দাফনের জন্য নিয়ে আসি। কিন্তু দাফন করতে না পারায় আমরা বিপাকে পড়ি। এখন দাফনের প্রস্তুতি নিচ্ছি, কবর খুঁড়ছি।’

এ বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের দাবি, মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না এবং পিরোজপুরের মাটিতে তাঁর মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীমও জানান, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

২০০৯ সালের ১২ আগস্ট পিরোজপুর থানায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন মানিক পশারী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনি এ মামলা করেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে চলা মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, মানিক পশারীর দাফনের প্রস্তুতি চলছে এবং কবর খোঁড়া হচ্ছে। তবে তাঁর দাফন সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ হাজার ৮০০ কেজি জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।