রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

৭২ একর খাসজমি বন্দোবস্তে অনিয়ম: কলাপাড়ার সাবেক ইউএনওর এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত

৭২ একর খাসজমি বন্দোবস্তে অনিয়ম: কলাপাড়ার সাবেক ইউএনওর এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৭২ একর সরকারি খাসজমি বন্দোবস্তে অনিয়মের ঘটনায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে এক বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৫ শাখা গত ২৩ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই ৪২টি কবুলিয়তে স্বাক্ষর করার ফলে ৭১ দশমিক ৬৩ একর সরকারি খাসজমির ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম ঘটে এবং এতে সরকারের আর্থিক ক্ষতি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালে কলাপাড়ায় কর্মরত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। ওই সময়ে প্রায় ৭২ একর সরকারি খাসজমি ৪২ জনের নামে বন্দোবস্ত দেওয়া হয়। বিষয়টি আলোচনায় এলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ঘটনায় তৎকালীন ইউএনও নিজেই বাদী হয়ে সার্ভেয়ার মো. হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করা হয়। তবে ওই অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে পরবর্তী সময়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিষয়টি অসদাচরণের অভিযোগ হিসেবে বিবেচনায় নিয়ে ২০২৫ সালে শহিদুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের জবাবে তিনি লিখিত ব্যাখ্যা দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৫ নভেম্বর তার শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়। তদন্ত প্রতিবেদনে অনুমোদিত সীমার বাইরে অস্বাভাবিক সংখ্যক কবুলিয়ত প্রস্তুত, জমির পরিমাণে অসামঞ্জস্য এবং সংশ্লিষ্ট নথিতে কাটাছেঁড়ার চিহ্নসহ একাধিক অনিয়মের বিষয় উঠে আসে।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়, এসব গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে যাচাই না করেই কবুলিয়তে স্বাক্ষর করা প্রশাসনিক দায়িত্ব পালনে স্পষ্ট অবহেলার শামিল। প্রতিবেদনের পর্যবেক্ষণের ভিত্তিতে শহিদুল হকের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তার এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার লঘুদণ্ড প্রদান করে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬