অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগ বিএনপির ওপর দীর্ঘদিন যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং দলটিকে ক্ষমতা থেকে সরাতে বিএনপিকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “গত পরশু পতিত ফ্যাসিস্ট সরকারের নেতারা ভারতে বসে সংবাদ সম্মেলনের চেষ্টা করেছেন। এর প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, অতীতে কোনো সরকার সে ধরনের দৃঢ় অবস্থান নেয়নি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর যে মাত্রার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে সরাতে বিএনপিকে যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই বাস্তবতায় আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা সোহরাব উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী মিরপুর উপজেলার সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এবং শিক্ষার্থীদের হাতে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।