সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আজকের বাংলাদেশে আমাদের নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ

আজকের বাংলাদেশে আমাদের নজরুল হলেন তারেক রহমান: চিফ হুইপ
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একই সঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কবি। নজরুল যুগে যুগে জন্ম নেন না। তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি মানুষের মাঝে বেঁচে থাকেন।

আজকের বাংলাদেশে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। ‘আমাদের নজরুল তারেক রহমান’—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ সভার আয়োজন করে।

চিফ হুইপ বলেন, দেশের মানুষ দীর্ঘদিন অন্যায়, নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। আয়নাঘর, গুম, জেল-জুলুম ও নির্যাতনের ঘটনা মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। কঠিন সময়েও তিনি মানুষের পাশে থেকেছেন।

নূরুল ইসলাম মনি বলেন, নজরুল যুগে যুগে জন্ম নেন না। বাঙালি যে নজরুলকে পেয়েছে, তাকে অবহেলা করলে আর ফিরে পাওয়া যাবে না। একইভাবে দেশের মানুষের কল্যাণে তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন, তা উপলব্ধি করে তাঁর পাশে দাঁড়ানো প্রয়োজন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলামের লেখায় সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি, অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র্য ও মানুষের অধিকারের কথা উঠে এসেছে। তিনি নিপীড়িত মানুষের কথা বলেছেন। এ কারণে বাঙালি জাতি ও বাংলাদেশ নজরুলের কাছে চিরঋণী।

চিফ হুইপ বলেন, নজরুল কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কবি নন। তিনি সব মানুষের কবি। তার লেখায় দ্রোহের পাশাপাশি প্রেম, মানবতা ও মানুষের মৌলিক অধিকারের কথা রয়েছে।

জীবদ্দশায় নজরুলকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, শুধু মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না। নজরুলের আদর্শ ও মানবিক চেতনাকে জীবনে ধারণ করতে হবে।

দেশের বিদ্যমান সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দীর্ঘদিনের সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণকে ধৈর্য ধরতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

চিফ হুইপ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষ ও সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছিল। দেশকে এগিয়ে নিতে তার অবদান স্মরণীয়। বর্তমান বাংলাদেশকেও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ আব্দুল মালিক, এমপি। প্রধান বক্তা ছিলেন খায়রুল কবির খোকন, এমপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ। এতে সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।