অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দীর্ঘ ১০ বছরের প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের সমুদ্রতীরবর্তী অভিজাত শহর ক্যাসকাইসে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রোনালদোর জনসংযোগ সংস্থা ‘ব্রান্সউইক গ্রুপ’ বিয়ের খবরটি নিশ্চিত করেছে। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দম্পতির পাঁচ সন্তান।
বিয়ের পর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা যায়, পাশাপাশি রাখা তাঁদের হাত। আঙুলে জ্বলজ্বল করছে এনগেজমেন্ট ও বিয়ের আংটি। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘সি (হৃদয়চিহ্ন) জি’।
ঠিক এক বছর আগে এই দিনেই বাগদানের ঘোষণা দিয়েছিলেন ৩২ বছর বয়সী জর্জিনা। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে পর্তুগিজ গণমাধ্যমে নানা আলোচনা চলছিল। সম্ভাব্য স্থান ও সময় নিয়েও ছিল নানা জল্পনা।
অনেকের ধারণা ছিল, রোনালদোর জন্মস্থান মাদেইরার বিখ্যাত ফুঞ্চাল ক্যাথেড্রালে তাঁদের বিয়ে হতে পারে। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে শত শত ভক্তও ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য সেখানে বিয়ে হয়নি। লিসবনের পশ্চিমে ক্যাসকাইসে নিজেদের ভিলাতেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।
রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। তখন মাদ্রিদের একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই রোনালদোর সঙ্গে তাঁর প্রথম দেখা।
প্রথম দেখাতেই দুজনের মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠতা। ২০২৫ সালে ‘ভোগ অ্যারাবিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনা তাঁদের প্রথম সাক্ষাতের স্মৃতি তুলে ধরেছিলেন। তাঁর ভাষায়, রোনালদোর সঙ্গে দেখা হওয়ার পর তিনি এক ধরনের প্রশান্তি ও শক্তি অনুভব করেছিলেন। মনে হয়েছিল, তাঁরা যেন অনেক আগে থেকেই একে অপরকে চেনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের জনপ্রিয়তা ব্যাপক। দুই তারকার যৌথ অনুসারীর সংখ্যা ৭৫ কোটির বেশি। ফুটবলের পাশাপাশি ফ্যাশন ও বিলাসবহুল হোটেল ব্যবসাতেও নিজেদের পরিচিতি তৈরি করেছেন তাঁরা।
তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘আই অ্যাম জর্জিনা’তেও।
বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ৪১ বছর বয়সী রোনালদো। পর্তুগাল জাতীয় দলের হয়েও খেলছেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। এবার ব্যক্তিগত জীবনেও যুক্ত হলো নতুন এক অধ্যায়।