শনিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ক্রিমিয়া সেতুতে হামলার জবাবে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮

ক্রিমিয়া সেতুতে হামলার জবাবে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভে ছয়জনসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলায় কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা তিনটি সেতুসহ বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) রাতভর ইউক্রেনজুড়ে এ হামলা চালানো হয়। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর কিয়েভের দুই অংশের মধ্যে যোগাযোগের প্রধান তিনটি সেতুতে এটিই সবচেয়ে বড় হামলা।

রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ। রুশ হামলা থেকে বাঁচতে শহরের বাসিন্দারা বিভিন্ন মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, পোদিলস্কো-ভস্ক্রেসেনস্কি, দারনিৎস্কি ও পিভদেনি সেতুতে হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের গাড়ি নিয়ে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

যুদ্ধ শুরুর আগে কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশের বেশি দিনিপ্রো নদীর পূর্ব তীরে বসবাস করতেন। নদীর এই অংশটি ‘বাম তীর’ নামে পরিচিত। তাঁদের অধিকাংশই কাজের প্রয়োজনে নদীর পশ্চিম তীরে যাতায়াত করেন। শহরের সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানির অধিকাংশ কার্যালয় পশ্চিম তীরে অবস্থিত।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর হামলায় রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রায় সব কটিই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এ ছাড়া হামলায় অনির্দিষ্টসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি জানান, হামলায় নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভের বাসিন্দা। বাকি দুজন পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি রেলস্টেশনে হামলায় প্রাণ হারিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ক্রিমিয়া ও রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুতে ইউক্রেনের হামলার কঠোর জবাব দেওয়া হবে। চলতি সপ্তাহে সেতুটিতে এটি ছিল ইউক্রেনের তৃতীয় হামলা। রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যে কয়েক মাস ধরে চালানো অভিযানের অংশ হিসেবে এসব হামলা করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন।

ইউরোপের দীর্ঘতম সড়ক ও রেলসেতু হিসেবে পরিচিত ক্রিমিয়া সেতু রাশিয়ার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দেশটির গৌরবের প্রতীক হিসেবেও বিবেচিত।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো, বিশেষ করে সেতুগুলোতে রাশিয়ার হামলার জবাব দিতেই ক্রিমিয়া সেতুতে আঘাত হানা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।