শনিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস গভীরভাবে সম্পৃক্ত।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) দিবসটি পালিত হবে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এতে অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ নতুন গতি পায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। এটিও দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় ঘটনা। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এ উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাঁরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এ বাহিনীর সদস্যদের ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণের আস্থার জায়গা তৈরি করেছে।

বাণীতে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত ছিল। বর্তমান সরকারও উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তারেক রহমান বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার অন্যতম প্রতীক তার সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী মহল এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী নিজেদের অগ্রযাত্রা ধরে রেখেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও পেশাদারত্বের জন্য বাংলাদেশি সদস্যরা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছেন। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান দেশের জন্য গৌরবের বিষয়।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তাঁরা হলেন—বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

সবশেষে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন তারেক রহমান। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।