অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে আসছেন। ঢাকা থেকে সড়কপথে রওয়ানা হয়ে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায়ও আসবেন তিনি।
সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন।
দিনব্যাপী সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ, বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও সম্মানি প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্ট স্থানগুলোতে আগে থেকেই নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
সকাল ৯টায় রওনা হয়ে প্রথমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আসবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। সেখান থেকে কটিয়াদী উপজেলায় আসবেন। দুপুর সাড়ে ১২টায় সেখানে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে আবেন প্রধানমন্ত্রী। শোলাকিয়া ময়দানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান করবেন।
সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, প্রধানমন্ত্রীর আগমন জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের।
তার নেতৃত্বে কিশোরগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশা ও নাগরিক সমস্যা সমাধানে নতুন পথ উন্মুক্ত হবে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার সফর কেন্দ্র করে সব স্তরের মানুষের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা সঞ্চার হয়েছে। এ সফর কেন্দ্র করে প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়নের নবযাত্রার সূচনা হবে কিশোরগঞ্জে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৯৯৮ সালে প্রথম কিশোরগঞ্জ এসেছিলেন। সে সময় ভৈরব ও কুলিয়ারচরে একাধিক পথসভা ও জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী হিসেবে এ জেলায় এবারই তাঁর প্রথম সফর। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২২ জানুয়ারি ভৈরবে নির্বাচনি জনসভায় এসেছিলেন তারেক রহমান।