অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে প্রাক-বৈবাহিক রক্ত পরীক্ষা (স্ক্রিনিং) জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি (বিটিএস) আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বেচ্ছায় রক্তদাতাদের মহান অবদানকে স্বীকৃতি জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনো দম্পতির দুজনই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তবে অনাগত সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আমরা যদি সচেতন হয়ে বিয়ের আগেই প্রাক-বৈবাহিক স্ক্রিনিং করাই, তবে এই ঘাতক ব্যাধি থেকে পুরো জাতিকে রক্ষা করা সম্ভব।’
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাস্থ্য ভাবনার কথা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান যখন গ্রাম-গঞ্জে, সারাদেশে ছুটে যেতেন, সঙ্গে করে ডাক্তার নিয়ে যেতেন। সেইসঙ্গে তিনি মানুষকে সচেতন করার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলতেন। যাতে মানুষের মধ্যে পরিবর্তন আসে এবং সুস্থ জাতি গঠন করা যায়।
তিনি বলেন, পিজ্জা, বার্গার, চিকেন ফ্রাই ও ফার্মের মুরগি খেতে খেতে আমরা নিজেদের শরীর ও স্বাস্থ্য শেষ করে দিচ্ছি। এসব খাবারের কারণেই ক্যান্সার ও কিডনিসহ নানা জটিল রোগ হচ্ছে। তাই সবাইকে সঠিক ও পুষ্টিকর খাবার গ্রহণের দিকে মনোযোগ দিতে হবে।
রোগ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম-গঞ্জে ক্যান্সার, কিডনি ও লিভার ক্যান্সারসহ মারাত্মক রোগ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। কারণ প্রথাগত চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করাই শ্রেয়।
অনুষ্ঠানে রক্তদাতা ব্যাক্তি ও রক্তদান কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও বিটিএসের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।