কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।
শনিবার (১৬ আগস্ট) রাতে এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন ও জেলা সেক্রেটারি মো. এনামুল হক এ নিন্দা জানান।
বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি মুফতি আমির হামজার ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি কুষ্টিয়ার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশের ওপরও আঘাত। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং এলাকার রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতেই চিহ্নিত দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াত নেতারা। একই সঙ্গে মুফতি আমির হামজার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা। পাশাপাশি এ ধরনের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কুষ্টিয়াবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হামলার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।