রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জামাই শিপনকে আটক করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৪৫)।
পুলিশ জানায়, কাঁঠালবাগানের একটি বাসায় পূর্বের পারিবারিক বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে শিপন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাত্রি ও শাশুড়ি ফিরোজা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত শিপনকে আটক করা হয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
নিহত ফিরোজা বেগম শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। তার মেয়ে রাত্রিও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ফিরোজা বেগমের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এবং রাত্রির মরদেহ ঘটনাস্থলে রয়েছে। প্রয়োজনীয় সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় কলাবাগান থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।