অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চলতি বছরের প্রথম ছয় মাসেই ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করেছে দেশটির সরকার। বছরের বাকি সময়ে এ সংখ্যা আরও বাড়তে পারে। ফলে গত ছয় বছরের মধ্যে ভারতীয় নাগরিক বহিষ্কারে নতুন রেকর্ড হতে পারে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩ হাজার ৩২৩ ভারতীয়কে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। পুরো ২০২৫ সালে ফেরত পাঠানো হয়েছিল ৩ হাজার ৭৭৯ ভারতীয়কে। অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসেই গত বছরের মোট সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছেছে।
২০২৬ সালের প্রথমার্ধে কানাডা থেকে সবচেয়ে বেশি বহিষ্কার করা হয়েছে ভারতীয় নাগরিকদের। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এ সময়ে দেশটির ১ হাজার ৫৭৩ নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে।
গত পাঁচ বছর কানাডা থেকে বহিষ্কারের তালিকায় মেক্সিকোর নাগরিকেরা শীর্ষে ছিলেন। ভারত ছিল দ্বিতীয় অবস্থানে। এর আগে সর্বশেষ ২০২০ সালে ভারতীয়রা এই তালিকায় শীর্ষে ছিল। ওই বছর ১ হাজার ৪২৪ ভারতীয়কে কানাডা থেকে বহিষ্কার করা হয়।
সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৬০৩ ভারতীয়কে কানাডা থেকে ফেরত পাঠানো হয়। ২০২২ সালে এ সংখ্যা বেড়ে হয় ৭৮৬। ২০২৩ সালে ১ হাজার ১৩২ জন এবং ২০২৪ সালে ২ হাজার ৪ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়। ২০২৫ সালে সংখ্যাটি আরও বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৭৯-এ।
কানাডা এখন অভিবাসন ব্যবস্থায় বেশ কিছু কঠোরতা আরোপ করছে। আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যেই ভারতীয় নাগরিকদের বহিষ্কারের সংখ্যা দ্রুত বাড়ছে।
সাধারণত অভিবাসন-সংক্রান্ত নিয়ম না মানা, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যাত হওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় থাকা এবং ভিসা জালিয়াতির মতো কারণে ভারতীয়দের ফেরত পাঠানো হয়।
তবে বহিষ্কারের কারণ নিয়ে সিবিএসএর আলাদা তথ্যভান্ডার রয়েছে। সেখানে দেশভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না।
এদিকে কানাডা থেকে বহিষ্কারের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। সিবিএসএর তথ্য অনুযায়ী, বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক ‘রিমুভাল ইন প্রগ্রেস ইনভেন্টরি’তে রয়েছেন। অর্থাৎ তাঁদের কানাডা থেকে অপসারণের প্রক্রিয়া চলছে।
কানাডায় বহিষ্কারের ক্ষেত্রে মূলত তিন ধরনের রিমুভাল অর্ডার রয়েছে।
‘ডিপারচার অর্ডার’-এর আওতায় কাউকে স্বেচ্ছায় ৩০ দিনের মধ্যে কানাডা ছাড়তে হয়। নির্ধারিত সময়ে না ছাড়লে সেটি স্বয়ংক্রিয়ভাবে ‘ডিপোর্টেশন অর্ডার’-এ পরিণত হয়।
‘এক্সক্লুশন অর্ডার’-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য কানাডায় পুনঃপ্রবেশ নিষিদ্ধ থাকে। সাধারণত এই নিষেধাজ্ঞার মেয়াদ এক থেকে পাঁচ বছর।
আর ‘ডিপোর্টেশন অর্ডার’ হলে সংশ্লিষ্ট ব্যক্তির কানাডায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা থাকে। তবে কানাডা সরকারের লিখিত অনুমতি পেলে তিনি আবার প্রবেশ করতে পারেন।
কানাডার চলতি বছরের প্রথম ছয় মাসে ভারতীয়দের বহিষ্কারের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয়দের চেয়েও আড়াই গুণের বেশি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠিয়েছে।
কানাডা থেকে চলতি বছর শেষ পর্যন্ত কত ভারতীয়কে বহিষ্কার করা হয়, এখন সেটিই দেখার বিষয়। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সালে আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস