অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে প্রস্তুত থাকা ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পাশাপাশি প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-কে মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা–সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) মহাখালীর নিপসম অডিটরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বর্তমান উদ্যোগগুলো নেওয়া হচ্ছে।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে প্রয়োজনীয় বিনিয়োগ, জনবল নিয়োগ এবং সরবরাহব্যবস্থার উন্নয়ন না হওয়ায় স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সেই ঘাটতি পূরণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু জাতীয় পর্যায়ের তথ্য নয়, মাঠপর্যায়ে প্রতিদিন সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেও স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করা উচিত। এ জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে অনলাইনভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের আহ্বান জানান তিনি।
মেডিকেল শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করে তিন থেকে ছয় মাসের গবেষণা–মেন্টরশিপ চালু করা গেলে ভবিষ্যতে দক্ষ গবেষক তৈরি হবে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে শুধু চিকিৎসক নিয়োগ দিলেই কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে না। প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের পেশাগত ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষিত করাও সমান গুরুত্বপূর্ণ। তাই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল তৈরিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।