অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
স্কুলের গণ্ডি পেরোনোর আগেই অভিনয়ে পরিচিতি পেয়েছেন ইসরাত অতিথি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।
এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন অতিথি। আজ ফল প্রকাশের পর তিনি জানান, পরীক্ষায় পাস করেছেন। ফলাফল নিয়ে সন্তুষ্ট তিনি।
অতিথির বোন সাফিনা জানান, এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন অতিথি। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে তাঁকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তাই অতিথির ফলাফলে তাঁর পরিবারও খুশি।
উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দেন অতিথি। ফল প্রকাশের পর স্কুলে যান তিনি। সেখানে প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
অতিথি নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন। পরে অভিনয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা তাঁর জন্য চাপের হয়ে ওঠে। এ কারণে বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।
এরপর বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন অতিথি। স্বল্প সময়ে নতুন বিভাগের পড়াশোনার প্রস্তুতি নেন। এমনকি এসএসসি পরীক্ষার দুই দিন আগেও তাঁকে শুটিং করতে হয়েছে।
অতিথিকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’-এ। মাস খানেক আগে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।