অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৯ হাজার ৮৫৬ টাকা বেড়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে গত ৩১ জুলাই বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৬১ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।