সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। পোস্টে তিনি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন।
স্ট্যাটাসে সোহেল তাজ লেখেন, সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে। তিনি দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করে দাবি করেন, এসব বিষয়ে আত্মসমালোচনা বা অনুশোচনা প্রকাশ না করে তিনি দল ও সমর্থকদের বিভ্রান্ত করছেন।
পোস্টে তিনি আরও লেখেন, ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির খুবই বিরল। উদাহরণ হিসেবে তিনি ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনার নাম উল্লেখ করেন। তার দাবি, এসব নেতাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, যেখানে বাংলাদেশের পরিস্থিতি ছিল গণ-আন্দোলনের ফল।
স্ট্যাটাসের শেষাংশে সোহেল তাজ লেখেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় ফিরবেন না; বরং তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, ফেসবুকে দেওয়া এ বক্তব্য সোহেল তাজের ব্যক্তিগত মতামত।