অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কক্সবাজারের ইনানীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহকে (৬৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার ইনানীর মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন, ইনানী কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত।
আটক হাফেজ উল্লাহ (৬৫) টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগে ২০২৪ সালে ইয়াবাসহ ধরা পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানিয়েছেন, ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় হাফেজ উল্লাহকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।