নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম শেরপুরের নকলা উপজেলার শহীদ আব্দুল আজিজের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নকলা উপজেলার শহীদ আব্দুল আজিজের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এ সময় স্থানীয় এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মোজাম্মেলের মেজ ছেলে গার্মেন্টসকর্মী আব্দুল আজিজ (২৮) ঢাকায় এক দফা আন্দোলনের সময় গত ৫ আগস্ট পুলিশের ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত হন। রাবার বুলেট তার চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
পরে সহকর্মী নাজিমের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট তার মৃত্যু হয়।
পরে নকলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তের স্বার্থে শহীদ আব্দুল আজিজের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে এনসিপির শেরপুর জেলা শাখার আহ্বায়ক লিখন মিয়া যুগান্তরকে বলেন, মূলত আমাদের জামালপুর জেলায় পদযাত্রা ছিল। পদযাত্রা শেষে জামালপুর থেকে শেরপুর হয়ে ঢাকায় ফেরার পথে নকলায় ওই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। আজও শেরপুরে পদযাত্রার কর্মসূচি ছিল। তবে বিশেষ কারণবশত কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।