শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আসামের বাঙালি মুসলমানদের লড়াই বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম

আসামের বাঙালি মুসলমানদের লড়াই বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
আসামের বাঙালি মুসলমানদের লড়াইকে বাংলাদেশের লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আসামের নগাঁও ও চরাঞ্চলে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া শুধু কিছু পরিবারের ওপর হামলা নয়। এটি বাঙালি মুসলমানদের ঐতিহাসিক উপস্থিতি ও রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ১০০ বছর আগে আসামের নগাঁওয়ে একটি ‘লাইন’ টানা হয়েছিল। বাঙালি মুসলমান কৃষকেরা কোথায় থাকতে পারবেন, আর কোথায় পারবেন না, তা নির্ধারণ করতেই এই ব্যবস্থা করা হয়েছিল। ১০০ বছর পর সেই নগাঁওয়েই আবার বুলডোজার চলছে। শাসক ও ভাষা বদলেছে, কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু একই রয়ে গেছে।

তিনি বলেন, গত ১৭ ও ১৮ অক্টোবর মাত্র দুই দিনে আসামে বাংলাভাষী মুসলমানদের ১ হাজার ১০০টির বেশি বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টির বেশি মসজিদ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে অন্তত ৩৩টি অভিযানে ২২ হাজারের বেশি পরিবার গৃহহীন হয়েছে।

নাহিদ ইসলামের ভাষ্য, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার রাজনীতিতে এর উত্তর স্পষ্ট। আসামে ঐতিহাসিকভাবে ‘অসমীয়া বনাম বাঙালি’ বিতর্ক ছিল। কিন্তু বিজেপি সেই জাতিগত রাজনীতিকে ধর্মীয় জাতীয়তাবাদের কাঠামোয় নিয়ে এসেছে। এর মূল লক্ষ্য হয়ে উঠেছে বাংলাভাষী মুসলমানেরা।

উচ্ছেদ ও নাগরিকত্বের প্রশ্ন

উচ্ছেদের ধরন তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, উচ্ছেদ হওয়া হাজারো মানুষের নাম ভোটার তালিকা থেকে হঠাৎ বাদ পড়ে যাচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীদের নতুন আধার কার্ড দেওয়া বন্ধ করা হয়েছে। অন্যদের ক্ষেত্রে ছাড় থাকলেও বাংলাভাষী মুসলমানদের জন্য কোনো ছাড় নেই বলে তিনি দাবি করেন।

আসামের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এনে অমুসলিমদের জন্য নাগরিকত্বের পথ খোলা রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ ‘পুশব্যাক’। ট্রাইব্যুনালকে পাশ কাটিয়ে জেলা প্রশাসকদের বিতাড়নের ক্ষমতা দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, আসাম কার্যত হিন্দুত্ববাদের একটি পরীক্ষাগার। ভারতজুড়েই বাংলাভাষী মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। শত বছর ধরে বংশপরম্পরায় বসবাস করেও শুধু বাংলাভাষী মুসলমান হওয়ার কারণে অনেকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সিলেট ও বরাক উপত্যকার ঐতিহাসিক সম্পর্ক

বাংলাদেশের সঙ্গে আসামের করিমগঞ্জের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ১৮৭৪ সালে করিমগঞ্জসহ সিলেটকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে আসামের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এর প্রতিবাদে তখনই ভাইসরয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ১৯৪৭ সালের গণভোটে ৫৭ শতাংশ ভোটে সিলেট পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হলেও করিমগঞ্জসহ কিছু অংশ আসামে থেকে যায়।

তিনি বলেন, এ কারণে সিলেটের মানুষের কাছে বরাক উপত্যকা ও আসাম কোনো বিদেশের খবর নয়, বরং আত্মীয়ের খবর।

নাহিদ ইসলামের ভাষ্য, এনআরসির বড় ধাক্কা বরাক উপত্যকার যে তিন জেলায় পড়েছে, তার একটি করিমগঞ্জ। এটি একসময় সিলেট জেলার অংশ ছিল। সুরমার এপারে যে কান্না, ওপারেও সেই কান্না।

তিনি আরও বলেন, বাংলা ভাষার আন্দোলন শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না। ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে বাংলা ভাষার দাবিতে পুলিশের গুলিতে ১১ জন বাঙালি শহীদ হন। পরবর্তী সময়ে ১৯৭২ ও ১৯৮৬ সালেও সেখানে রক্ত ঝরেছে।

নাহিদ ইসলাম বলেন, শিলচরের ভাষাশহীদদের বড় অংশ ছিলেন বাঙালি হিন্দু পরিবারের সন্তান। এটি প্রমাণ করে, ভাষার প্রশ্নে বাঙালি হিন্দু ও মুসলমান এক কাতারে দাঁড়িয়েছিলেন। তাই বরাকের ভাষাশহীদেরাও বাঙালির যৌথ উত্তরাধিকার।

ভাসানীর আন্দোলনের প্রসঙ্গ

ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি মুসলমানদের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, টিকে থাকার জন্য তাঁরা নিজেদের মাতৃভাষা ছেড়ে অসমীয়া ভাষা ও আন্দোলন গ্রহণ করেছিলেন। তাঁরা আশা করেছিলেন, এতে আসাম তাঁদের আপন করে নেবে। কিন্তু ফল হয়েছে উল্টো। আজও তাঁদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা হচ্ছে এবং ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আসামে বাঙালি মুসলমানেরা এখন দুই দিক থেকে আক্রমণের শিকার হচ্ছেন। বাঙালি পরিচয়ের কারণে অসমীয়া উগ্র জাতীয়তাবাদ এবং মুসলমান পরিচয়ের কারণে উগ্র হিন্দুত্ববাদ তাঁদের আঘাত করছে। বর্তমানে এই দুই ধারা এক হয়ে তাঁদের কোণঠাসা করে ফেলছে।

এই প্রেক্ষাপটে মওলানা ভাসানীর সংগ্রামকে ঐতিহাসিক ও অনুসরণীয় বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এক শতাব্দী আগে আসামের চরাঞ্চলের শোষিত মানুষের অধিকার রক্ষায় লড়েছিলেন মওলানা ভাসানী। ১৯২৪ সালে ব্রহ্মপুত্রের ভাসান চরে কৃষক সমাবেশের পর তিনি ‘ভাসানী’ নামে পরিচিত হন।

নাহিদ ইসলাম আরও বলেন, আসামে বাঙালি মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ‘লাইন প্রথা’ ও ‘বাঙাল খেদাও’ রাজনীতির বিরুদ্ধে ভাসানীর আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নাগরিক মর্যাদা রক্ষায় তাঁর সংগ্রাম ছিল একটি প্রধান ভিত্তি। আটবার কারাবরণ এবং আসাম থেকে চূড়ান্ত বহিষ্কারের মূল্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, এই অঞ্চলে বাঙালি মুসলমানদের অস্তিত্ব আকস্মিক নয়। বরং তা রক্ত ও ঘামে অর্জিত ঐতিহাসিক বাস্তবতা।

বাংলাদেশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নাহিদ ইসলাম বলেন, আসামের বাঙালি মুসলমানেরা সেখানকারই অধিবাসী ও নাগরিক। ভারতের সংবিধানের আওতায় তাঁদের আইনি মর্যাদা নিশ্চিত করতে হবে। তাঁদের দাবি স্পষ্ট—ইতিহাসের স্বীকৃতি ও একটি ভৌগোলিক জনগোষ্ঠী হিসেবে আত্মমর্যাদা।

বাংলাদেশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিষয়টি বাংলাদেশের জন্য শুধু প্রতিবেশী দেশের খবর নয়; এটি সরাসরি অস্তিত্ব ও সার্বভৌমত্বের প্রশ্ন। ওপারে যাঁদের ‘রাষ্ট্রহীন’ করে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে, তাঁরা দুই দেশের মাঝখানে আটকা পড়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন।

তিনি বলেন, বিজিবি সীমান্ত পাহারা দিচ্ছে এবং ভারতকে বেশ কিছু চিঠি দেওয়া হয়েছে। কিন্তু শুধু কূটনৈতিক চিঠি দিয়ে বুলডোজার থামানো সম্ভব কি না, সেই প্রশ্ন রয়েছে। নগাঁওয়ের উচ্ছেদ নিয়ে দৃঢ় ও স্পষ্ট কোনো আন্তর্জাতিক বা জাতীয় কূটনৈতিক অবস্থান এখনো দৃশ্যমান নয়। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি কি শুধু সীমান্ত পাহারার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সীমান্তে পুশইন ও আসামের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে রাষ্ট্রহীনতার এই অমানবিক ঝুঁকি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মঞ্চে কথা বলার আহ্বান জানান তিনি। কোনো পুশইন বা প্রত্যাবাসন মেনে নেওয়া হবে না—এমন আনুষ্ঠানিক ঘোষণারও দাবি জানান তিনি।

অন্যদিকে, আসামের পরিস্থিতির প্রভাব যেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে কঠোর নজর রাখার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সাম্প্রদায়িক অস্থিরতা আসামের বাঙালি মুসলমানদের ওপর নিপীড়নের পথ আরও প্রশস্ত করবে। বাংলাদেশ যে আলাদা, সেই সত্য সামনে রাখতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ১২০ বছর আগে ঢাকা থেকে বাঙালি মুসলমানদের যে ভূরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের সূচনা হয়েছিল, ব্রহ্মপুত্রের চর থেকে শিলচরের রেলস্টেশন পেরিয়ে আজও তা অসমাপ্ত রয়ে গেছে। সেই ইতিহাস ও স্বজাতির লড়াই ধারণ করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখাই এখন প্রধান দায়িত্ব।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কসবায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিশ্বম্ভরপুরে ১ লাখ ২৫ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।